অবশেষে বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পরিবর্তন আনছেন দলের চেয়ারপাসন খালেদা জিয়া। তবে আকারে বাড়ছে না এ কমিটি আর এতে অনুসরণ করা হবে ‘এক নেতার এক পদ’ নীতি।
এছাড়াও রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে শিগগিরই বিক্ষোভ-মানববন্ধনের মতো কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। শনিবার জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পরই ঘোষণা হতে পারে কর্মসূচির।
কাউন্সিলের সাড়ে ৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরও তা নিয়ে ক্ষোভ অসন্তোষ ছিলো দলে। অনেকে পদত্যাগ করেছেন, কেউ কেউ ক্ষোভ ঝেড়েছেন প্রকাশ্যে; কারো আছে চাপা ক্ষোভ। দলের স্থায়ী কমিটির সদস্যরাও কমিটির গলদ নিয়ে মুখ খুলতে দ্বিধা করেননি।
এর পরিপ্রেক্ষিতে বিএনপির হাইকমান্ড ভেবেছিলেন কমিটির কলেবর বাড়ানোর। এর মধ্যেই কমিটি ঘোষণার প্রায় ২ সপ্তাহ পর দলের নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানের প্রসঙ্গ উঠে আসে বৈঠকে। সিদ্ধান্ত হয়, এর প্রতিবাদে কর্মসূচি দেয়ার।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বিক্ষোভ কিংবা মানববন্ধন কর্মসূচির কথা ভাবছে বিএনপি। তবে আরো কঠোর কর্মসূচিতে যেতে পারে দলটি। কর্মসূচি দেয়ার আগে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করবে বিএনপি।
শনিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পরই এ বিষয়ে কর্মসূচি দেয়ার চিন্তা ভাবনা করছে দলের হাইকমান্ড।
বিএনপির ভবিষ্যত সাংগঠনিক পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত আসে যে, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি আর বড় না করে এর পরিবর্তে অনুসরণ করা হবে ‘এক নেতার এক পদ নীতি’। এতে শুণ্য পদে নিয়ে আসা হবে নতুন নেতৃত্ব।
এছাড়াও ঢাকা মহানগরকে শক্তিশালী করার উদ্যোগ হিসেবে ওয়ার্ড কমিটি ১০১ সদস্যবিশিষ্ট করার বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে। স্থগিত হওয়া জেলা কমিটিগুলোর কাজ শুরুর নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানতে চাওয়া হলে শুক্রবার এবিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর বিএনপির সদ্য ঘোষিত স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী কমিটির নতুন পদ পাওয়া নেতাদের নিয়ে আগামী রোববার দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে আসে এ সিদ্ধান্তটিও।