খন্দকার মোশতাক নয়— জিয়াউর রহমানের মুখ্য ভূমিকায় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার রাজধানীর গুলিস্থানে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতারাই জড়িত— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ আরো বলেন, শেখ মুজিবুর রহমানের মত নেতাকে হত্যার সাহস খন্দকার মোশতাকের ছিল না।
পাকিস্তানের এজেন্ট হিসাবে জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার মূল চক্রান্ত করে ছিলেন— উল্লেখ করে তিনি আরো বলেন, এ কারণেই জিয়া হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল।
এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিও করেন হানিফ।
এদিকে, সম্প্রতি শেষ হওয়া বন্যায় দেশের বর্তমান অবস্থা ও একুশে আগস্ট গ্রেনেড হামলার এক যুগপূর্তিতে দলের কর্মসূচি নির্ধারণে দুপুরে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করে কেন্দ্রীয় ১৪ দল।
বৈঠকে দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, গ্রেনেড হামলা মামলা রায়ের জন্য আর অপেক্ষা করতে চায় না তার দল। বিচার দ্রুত শেষ করতে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবে জোটের নেতাকর্মী— বলেও জানান তিনি।
সম্প্রতি সারাদেশ জঙ্গিহামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা বলেও এ সময় মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
এছাড়াও রাজধানীতে আরেক আয়োজনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই মামলার রায় দেয়া হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামী বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।