যুক্তরাষ্ট্র এ দেশে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে উন্নয়নে অন্যতম অংশীদার হতে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকে এ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার বিকেলে মার্কিন দূতাবাসের উদ্যোগে রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদ এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা বলেন, যে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে আর নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিক নারী। এ শিল্পে যুক্তরাষ্ট্র সব ধরনের সুবিধা বৃদ্ধি করে নারীকে আরও স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা-জিএসপি স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানান রওশন এরশাদ।
বিরোধীদলীয় নেতাকে আশ্বাস দিয়ে জন কেরি বলেন, এ বিষয়ে মার্কিন সরকার যথাযথ পদক্ষেপ নেবে।
বৈঠকে জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য ফখরুল ইমাম, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট প্রমুখ উপস্থিত ছিলেন।