স্বাধীনতা পদক কেড়ে নেয়া এবং সমাধি সরিয়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করা যাবে না-এ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে তার কবর সরিয়ে দিলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে- এ মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের ওপর দমন নীপিড়ন চালাচ্ছে সরকার—জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
মহাসচিব আরো বলেন, আমরা যখন প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে ফুল দিতে আসছি ঠিক সেই সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাওয়া রাজনৈতিক সরকার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়েছে।
তিনি বলেন, স্বাধীনতা পদক সরিয়ে দেয়া হয়েছে-সমাধি সরিয়ে দিলে এতে শুধু জিয়া নন; এমন কার্যকলাপ সরকারকেই ছোট করবে—জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে সরকার।
জাতীয়বাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।