ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেনো দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে না পারে সেজন্য আলেমসহ সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়তে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।
সভায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান অভিযোগ করেন, বিদেশিদের সহায়তায় দেশে জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামাত। ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহবানও জানান তিনি।
বিএনপি জামাত ধর্ম রক্ষা নয়— বরং ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বলেও এ সময় অভিযোগ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সভায় ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যেন সফল না হয় সে বিষয়ে আলেমদের সতর্ক থাকার আহবান জানান শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।
কারো কথায় বিভ্রান্ত না হয়ে নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে—উল্লেখ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই বিএনপি-জামাত জঙ্গিবাদকে মদদ দিচ্ছে বলে এসময় অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।