নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন না হলে সে নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সভায় জ্যেষ্ঠ নেতারা এ কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচন যদি ৫ জানুয়ারির মতো প্রহসনের হয় তবে জনগণ তা প্রতিহত করবে।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, শুধুমাত্র ক্ষমতা পাকাপোক্ত করতে গণতন্ত্র হরণ ও বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।
আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বরচন্দ্র রায় কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সব দলের প্রতিনিধি রাখার দাবি তুলেন।
সভায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবারো দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় নির্বাচনের আয়োজন করার কথা বলেন।
এ সময় নেতাকর্মীদেরকে আন্দোলনের প্রস্তুতি নেয়ারও আহ্বানও জানান তিনি।