প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কেবল আওয়ামী লীগের নয়, গোটা বাঙালি জাতির প্রদীপ—তাকে ভালোবাসা ছাড়া আমাদের কিছু দেয়ার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
আশরাফ বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন— আমরা শুধু ধন্যবাদ দেয়ার জন্য আয়োজন করেছি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনার কর্মসূচি সফল করতে আয়োজিত এ যৌথসভায় আওয়ামী লীগ ছাড়াও দলের সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনের নেতারা যোগ দেন।
সৈয়দ আশরাফ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কেবল ধন্যবাদ দেয়ার জন্য আমরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে এই গণঅভ্যর্থনা দেব। এজন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আশাকরি, সংবর্ধনায় বিপুল সংখ্যক লোকসমাগম করতে পারব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন ২৬ সেপ্টেম্বর বিশাল শোডাউন হবে। এ শোডাউন মনে রাখার মতো দৃষ্টান্ত হবে— সেদিন আমাদের দলের কোন কোন ইউনিট কোন কোন জায়গায় ফুল নিয়ে অবস্থান নেবে তা ঠিক করা হচ্ছে।
সৈয়দ আশরাফ আরো বলেন, ‘জীবনের মায়া ত্যাগ করে তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাঁকে ছোট্ট একটা ধন্যবাদ দেব। একমাত্র ভালোবাসা ছাড়া তাঁকে দেওয়ার মতো আওয়ামী পরিবারের আর কিছুই নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন এমন উচ্চতায় পৌঁছেছেন যে তিনি এখন আর শুধু আওয়ামী লীগের নন, পুরো জাতির।
এর আগে সৈয়দ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহবুবউল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।