নতুন নির্বাচন কমিশন- ইসি গঠনের লক্ষে সার্চ কমিটিকে লোক দেখানো বিষয় বলেই মনে করছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান বলেন, রাজনৈতিক ব্যবস্থা ঠিক করতে হলে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকেই স্বচ্ছ করতে হবে।
তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলকে দিতে হবে সভা-সমাবেশ করার সমান সুযোগ।
মঙ্গলবার রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার অন্যতম ইস্যু নির্বাচন কমিশন পুনর্গঠন ও সার্চ কমিটি।
এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরছে রাজনৈতিক দলগুলো।
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ বিষয়ে কথা বলেন দলের জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে শুধু নির্বাচন কমিশনই নয় অন্যান্য প্রতিষ্ঠানকেও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
সরকারের কারণে বিএনপি দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিহিংসার পথে না গিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে এবং সহনশীল রাজনীতির চর্চা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।