বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে আগামী ৩ অক্টোবর সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এ সময় তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছে।
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা প্রত্যাহার করে এবং গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানান তিনি।
দুদু বলেন, পাশাপাশি তারেক রহমানের মতো একজন নিরপরাধ এবং জনপ্রিয় রাজনীতিবিদকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।