‘বন্দুকযুদ্ধের’ নামে নির্বিচারে বিরোধীদলের নেতা–কর্মীদের হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর একধরনের খেলায় পরিণত হয়েছে—এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
গত শনিবার রাতে পুলিশের ‘কথিত বন্দুকযুদ্ধে’ সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নিহত হন। মির্জা ফখরুল অভিযোগ করেন, শাহ আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই নির্মম খেলারই শিকার।
শাহ আলম হত্যার নিন্দা ও ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মির্জা ফখরুল।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করার দাবিতে আন্দোলন করছে। এমন একটি পরিস্থিতিতে শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে।
সরকার একদিকে বিরোধীদলের নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডের নামে নির্যাতন করছে, পাশাপাশি বিরোধীদলের প্রধান নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে নিক্ষেপ করছে।
তিনি বলেন, গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীরা দেশকে বিরোধী দলশূন্য করতে এবং চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখতে দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে দিয়ে নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।
বিএনপি মহাসচিব বলেন, একটা গণতান্ত্রিক সরকার যখন দেশ পরিচালনায় ব্যর্থ হয়, তখন নিজে থেকেই ক্ষমতার মসনদ ছেড়ে দেয় এবং এটাই গণতন্ত্রের মূল চেতনা। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের ব্যর্থতার দায়ভার এতটাই বেশি যে একদিকে ব্যর্থতা ঢাকতে, অন্যদিকে চিরকাল ক্ষমতা আঁকড়ে থাকার লোভ তাদের হিতাহিত জ্ঞানশূন্য করে ফেলেছে। দেশকে এক মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে।