চীনের প্রেসিডেন্ট শি চিন পিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশের গণতন্ত্র, রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে আশাবাদী বিএনপি।
দলটির নেতারা বলেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় যদি আগামী নির্বাচনের বিষয়ে সুরাহা হয় সেটাই হবে সরকারের বড় সাফল্য।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, গণতন্ত্র হরণের পর সরকার এখন বিরোধী মতের রাজনীতিকদের মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়ার পাঁয়তারা করছে।
সরকার বিচারবিভাগসহ বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা সফররত চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের গণতন্ত্র নিয়ে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ নেতা।
এদিকে, আলোচনায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও বক্তব্য রাখেন এ প্রসঙ্গে।
এ সময় তিনি বলেন, সরকারেই উচিৎ হবে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে দেশে পরবর্তী নির্বাচনকে ত্বরান্বিত করা।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র সরিয়ে না নিলে বিএনপি লংমার্চের মতো কর্মসূচি দেবে বলেও জানান তিনি।