পদ্মা সেতু ছাড়াও বাংলাদেশে বিশ্বব্যাংকের যেসব প্রকল্প রয়েছে তাতে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে তা খতিয়ে দেখতে সংস্থাটির সফররত প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এ আহ্বান জানিয়ে এ সময় তারা অভিযোগ করেন, সরকারি মন্ত্রী-আমলাদের দুর্নীতির কারণে গত কয়েক বছরে পদ্মাসেতু প্রকল্পের ব্যয় বেড়েছে সাড়ে চার গুণ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। এতে বিএনপি নেতারা ছাড়াও অংশ নেন বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরাও।
বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, গণতন্ত্র হরণের পর সরকার এখন দুর্নীতির মহোৎসবে মেতেছে।
সফররত বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে বাংলাদেশে তাদের বিভিন্ন প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে কি না তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।
এছাড়া চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাতের বিষয়টি ইতিবাচক বলে মন্তব্য করেন সেমিনারে আসা বক্তারা।
ভবিষ্যতে প্রতিবেশী দুই পরাশক্তি দেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে বলেও অভিযোগ করেন তারা।