আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে দলটির রাজনৈতিক শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে দেখছে বাম রাজনৈতিক দলগুলো।
ব্যাপক প্রচার-প্রচারণায় আয়োজিত এ সম্মেলন কতোটা তাৎপর্যপূর্ণ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করে বাম নেতারা বলেন, দল ও সরকার পরিচালনায় নিজেদের ভুলত্রুটির সমধান না করে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল এই সম্মেলন অযৌক্তিক।
তবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এ সম্মেলনকে ইতিবাচক হিসেবেই দেখছে।
জাতীয় সম্মেলনকে ঘিরে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন চলছে নানা আলোচনা-সমালোচনা। সরকারের প্রতিনিধিত্বকারী দলটির এই কাউন্সিলকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল জাতীয় পার্টি।
এর মাধ্যমে দলটিতে নতুন নেতৃত্বের পথ সুগম হবে-বলে মনে করছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
ব্যাপক প্রচার-প্রচারণার মধ্য দিয়ে হতে যাওয়া এ সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছে বাম রাজনৈতিক দলগুলো।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নেতাদের মতে- সাংগঠনিক পরিবর্তনের চেয়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে সম্মেলনে।
আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনে করছে, একক নেতৃত্বের রাজনৈতিক দলগুলোতে এমন কাউন্সিল অনেকটা মহাসমাবেশের মতোই।
এ ধরনের ব্যায়বহুল সম্মেলন আয়োজনেরও সমালোচনা করেছেন বাম নেতারা।