আওয়ামী লীগের কমিটিতে নেতৃত্ব পর্যায়ের কোনো পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চান বেশির ভাগ কাউন্সিলর।
রোববার কাউন্সিলের দ্বিতীয় দিনেও এখন পর্যন্ত বক্তব্য দেয়া অধিকাংশ কাউন্সিলরই জয়কে নেতৃত্বে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা। এবারই প্রথম আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির সদস্য জয় কাউন্সিলর হিসেবে দলের ২০তম সম্মেলনে যোগ দিয়েছেন। রোববার দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনেও দলের এ কাউন্সিলর উপস্থিত রয়েছেন।
গতকাল কাউন্সিলের উদ্বোধনী দিন বিভিন্ন জেলা কমিটির সভাপতিরা জয়কে নেতৃত্বে নিয়ে আসার দাবি জানান।
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশনে তৃণমূল নেতাদের বক্তব্যে জয়কে নেতৃত্বে আনার দাবি উঠেছে। সম্মেলনস্থলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
গতকাল এ অধিবেশনে বিভিন্ন জেলার নেতারা প্রতিনিধি হিসেবে নিজ বিভাগের রিপোর্ট পেশ করেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী।
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কাউন্সিল অধিবেশনে প্রথমপর্বে উদ্বোধন ঘোষণা করেন দলের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও সাড়ে ছয় হাজার কাউন্সিলরের অংশগ্রহণে এ অধিবেশনের সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভানেত্রী।
এসময় সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে নিয়ে আসার বিষয়ে আলোচনার সূত্রপাত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। জয়ের মতো তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে বলে জানান তিনি।
তৃণমূল নেতারাও এবারের কমিটিতে সজীব ওয়াজেদ জয়কে সম্মানজনক পদে রাখার জোর দাবি জানান।
সাধারণ সম্পাদক পদ নিয়ে গত কদিন ধরে যে গুঞ্জন চলছে তার সমাপ্তিও ঘটবে আজ।
রোববার গঠনতন্ত্র ও ষোষণাপত্রের সংশোধন অনুমোদন এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড গঠনের পর বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের কথা জানান আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।