সরকার ৫ জানুয়ারির মতো আবারো পাতানো নির্বাচন করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা।
আর এ কারণেই তারা সংলাপ-সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে নাকচ করছে বলেও অভিযোগ দলটির।
শুক্রবার রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে আন্দোলন করে আলোচনার ক্ষেত্র তৈরি করা হবে।
এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আবারও নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে।
"জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনও আলোচনা নয়" আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের এমন বক্তব্যেরও জবাব দেন তিনি।
এ সময় অভিযোগ করেন, আলোচনার পথে না এসে সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সরকার সমঝোতা ও সংলাপের পথে না আসলে আন্দোলনের মাধ্যমে তার ক্ষেত্র প্রস্তুত করা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপ ও একটি কার্যকর কমিশন গঠনের ওপর জোর দেন তিনি।