বিএনপির সঙ্গে কোনো আলোচনা—সমঝোতা হতে পারে না বলে জানিয়েছেন ১৪ দলের নেতারা। জেলহত্যা দিবসের আলোচনা সভায় তারা বলেন, বিএনপির সঙ্গে আলোচনা মানে খুনিদের সঙ্গে হাত মেলানো।
নেতারা আরো বলেন, বিএনপিকে রাজনীতি থেকে বর্জনের মাধ্যমেই জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক, সোনার বাংলার প্রতিষ্ঠা সম্ভব হবে। আর এ লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সভা থেকে।
জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে এম মনসুর আলী স্মৃতি সংসদ।
সভায় ১৪ দল নেতারা বলেন, জীবন দিয়ে দল ও নেতা এবং আদর্শের প্রতি আনুগত্যের দৃষ্টান্ত রেখে গেছেন চার জাতীয় নেতা, যা ইতিহাসে বিরল।
নেতাদের অভিযোগ, ৭৫'র পর এ দেশে খুনের রাজনীতি কায়েম করেন জিয়াউর রহমান। সে পথ ধরেই পাকিস্তানী ভাবধারার রাজনীতি আর সাম্প্রদায়িকতার উত্থান।
বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়— উল্লেখ করে তারা বলেন, এখনো ষড়যন্ত্র চলছে।
এর বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।