রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর সমাবেশ করতে না দেয়া সরকারের অগণতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনুমতি না দেওয়াকে সরকারের অজুহাত উল্লেখ করে তাদের অগণতান্ত্রিক সরুপ বেরিয়ে আসছে বলে সামলোচনা করেন বিএনপির মহাসচিব।
একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতেই এরকম আচরণ করছে সরকার— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না দেয়ায় বিকল্প কোনো স্থানে সমাবেশ করবে না বিএনপি।
এ সময় তিনি আরো বলেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুধর্মাবলম্বীদের ওপর হামলা ও বসতবাড়ীতে হামলার ঘটনায় একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
এদিকে, ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্মী উদ্যানে সমাবেশ করবে বলে বিএনপি তাদের অনড় অবস্থানের কথা জানিয়ে আসছিল গত কয়েকদিন ধরেই। এরইমধ্যে আবার ৭ তারিখের পরিবর্তে ৮ তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় দলটি। প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে তারা।
তবে একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ ডাকায় নিরাপত্তাজনিত কারনে ৭ ও ৮ নভেম্বর কাউকেই সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।