আওয়ামী লীগের নেতাকর্মীরাই ধর্মীয় সংখ্যালঘু ও সাঁওতালদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী নিয়ে সাঁওতালদের ওপর হামলা ও হত্যার ঘটনা গণহত্যার সামিল।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলের মুক্তির দাবিতে সোমবার দুপুরে ইঞ্জিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশ দলটির নেতারা এ কথা বলেন।
সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে— উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পেরে সরকার এখন স্বেচ্ছাচারিতা করছে। দেশে এখন কেউ এখন নিরাপদ নয়।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বেড়ে যায় বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এদিকে, ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ করতে না দেয়ায় সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও দেশের কয়েকটি জেলা ছাড়া দেশের কোথাও বিক্ষোভ কর্মসূচি পালন করেননি বিএনপি নেতারা।