নির্বাচন কমিশনের- ইসি পুনগঠন নিয়ে আগামী ১৮ নভেম্বর শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রূপরেখা উপস্থাপন করবেন।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
সকল দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন- ইসি পুনর্গঠনের দাবিও জানান তিনি।
এ সময় তিনি বলেন, এ নিয়ে সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ যাতে না থাকে তা নিশ্চত করতে হবে।
নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের তদন্ত প্রত্যাখ্যান করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তার প্রতিক্রিয়ায় বলেন, এ ঘটনায় সরকারের এমপি-মন্ত্রীদের রক্ষা করতেই পুলিশি প্রতিবেদনে বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নাসিরনগরের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি– এর বিষয়বস্তু ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে এসেছে, তার জের ধরে রিজভী বলেন, এসব তদন্ত সাজানো।
তিনি আরো বলেন, তদন্তে নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি বিল্লাল হোসেনের নামও জড়িয়ে দেয়া হয়েছে। নিজেদের অপকর্মে ভারসাম্য আনার জন্য এটা করা হয়েছে।
রিজভী বলেন, নাসিরনগরের ঘটনা নিয়ে গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা বক্তব্য দিয়েছেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা পর্যবেক্ষণ জানিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের স্থানীয় কোন্দলের কারণে নাসিরনগরের ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে।