প্রশাসন ও সরকার দলীয়দের সহায়তায় গোবিন্দগঞ্জের সাঁওতালদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
শুক্রবার সকালে গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত সাঁওতাল এলাকা পরিদর্শনের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে হামলার ১৩ দিন পর আক্রান্ত এলাকা সরজমিন পরিদর্শনে যায় বিএনপির প্রতিনিধি দল।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এ সময় ভুক্তভোগী সাঁওতাল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান সাঁওতালদের ভবিষ্যত নষ্ট করছে। তাদের জমি দখল করে দেয়ার নামে জমি থেকে উচ্ছেদ করেছে— এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে, গত ৬ অক্টোবর হামলার সময় গ্রেপ্তার দুই সাঁওতালকে সকালে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। গত আদালত থেকে জামিন পান তারা।
গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ১১দিন পর বৃহস্পতিবার মামলা করা হয়।
এ মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার গভীর রাতে গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে মামলা করেন স্বপন মুর্মু নামের এক সাঁওতাল। এর আগে ঘটনার দিন রাতে পুলিশ বাদি হয়ে সাড়ে তিনশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
এদিকে গোবিন্দগঞ্জের সাঁওতালদের নির্বিঘ্নে ধান কাটার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া সাঁওতালদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।