নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মনোনয়নপত্র জমা দেয়ার বৃহস্পতিবার শেষ দিনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এরইমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাখাওয়াত হোসেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও আইভী বলেন, এখন পর্যন্ত সেনাবাহানী মোতায়েন প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন না। অতীতের নির্বাচনের মতো এবারো তার পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন হবে না।
তিনি বলেন, আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি এবং করব না গতবারও আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি এবারও করব না বলে জানান তিনি।
আইভী সাংবাদিকদের আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনই সকল পদক্ষেপ নেবে। নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই।
তবে নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে দাবি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, সব প্রার্থী যাতে একইভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় সেই পরিবেশ তৈরির প্রয়োজন।
সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে জানিয়ে আচরণবিধি মেনে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার।
নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, আওয়ামী লীগ ও বিএনপিসহ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মোট চার মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ অন্য দুই মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল এবং এলডিপির কামাল প্রধান।
নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, বুধবার পর্যন্ত মেয়র পদে ৯ জন, সাধারণ সদস্যপদে ১৮৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ১০০ ও নারী সদস্য পদে ১৮ জন।
আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন জানিয়ে নির্বাচন কর্মকর্তা বলেন, শুক্র ও শনিবার দুই দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৪ ডিসেম্বর প্রত্যাহার ও ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।