অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। একইসঙ্গে এই নির্বাচনকে সামনে রেখে সেখানে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি চলছে বলে অভিযোগ করেছেন তারা।
শুক্রবার রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।
সেনাবাহিনী মোতায়েন ছাড়া কখনোই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন নেতারা।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে সেখানে এখনই নানা অনিয়মের আভাস পাওয়া যাচ্ছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত নারায়ণগঞ্জ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরপেক্ষ প্রশাসন নিয়োগের তাগিদ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।
এদিকে, ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত আরেক আলোচনায় সেনাবাহিনী ছাড়া কখনোই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে সেলিনা হায়াৎ আইভীর অনাগ্রহের বিষয়েও তীব্র সমালোচনা করেন তারা।