ছাত্রলীগের অপকর্মে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
সাংগঠনিকভাবে নিজেদের সুসংগঠিত করতে রোববার অপরাজেয় বাংলার পাদদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত হল সম্মেলনে নেতারা এসব কথা বলেন।
বিএনপি'র অপকর্মকে সমর্থন না করে শিক্ষার্থীদের মধ্যে যেনো মানবিক গুণগুলো প্রস্ফুটিত হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বানও জানান নেতারা।
সম্মেলনে ছাত্রলীগের আগের সেই সুনাম ফিরিয়ে আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পাশাপাশি দলীয়ভাবে মূল্যায়নের জন্য নয়, বরং দলের আদর্শের জন্যই ছাত্রলীগ করতে পরামর্শ দেন।
বিপথে না গিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেনো দেশের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে সে জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান দলটির আরেক নেতা মাহবুবুল আলম হানিফ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপি'র নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত দলটি।
এ সময় বিএনপি'র যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।