নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- নাসিক নির্বাচনে ভোটের এক সপ্তাহ আগে থেকে সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কিছু দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে এ চিঠি পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
এছাড়া এ নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচারণার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে একটি সমন্বয় কমিটিও করা হয়েছে।
সেইসঙ্গে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তাদের বসিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে যায়।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচনের ৭ দিন আগে থেকে সেনাবাহিনী মোতায়েনসহ বেশকিছু দাবি জানিয়ে চিঠি দেন রিজভী।
বর্তমান নির্বাচন কমিশন শেষ সময়ে এসে নাসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য তাদের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান রিজভী।
অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও প্রতিযোগিতামুলক নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের জোর দাবি জানান তিনি।
এবার সরকারি আক্রমনের কোনো ভয় নেই বলেই সেলিনা হায়াৎ আইভী সেনাবাহিনীর কথা বলছেন না বলেও তীব্র সমালোচনা করেন রিজভী।