রাজনীতি থেকে দূর রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিসেম্বরে স্বৈরচার পতন দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির শীর্ষ নেতারা যেন অংশ নিতে না পারে সেজন্য সরকার ষড়যন্ত্র মূলকভাবে মামলা দিয়ে দ্রুত বিচার কাজ শেষ করতে চাইছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
এছাড়াও ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবির পাশাপাশি মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সেদেশের সরকারের নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এ নেতা।
সভা শেষে দিবসগুলোতে দলের পক্ষ থেকে নেয়া আলোচনাসভাসহ নানান কর্মসূচির কথা তুলে ধরেন মির্জা ফখরুল।
এর আগে বিএনপি নেতা এএফএম ইকবালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।