সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে নতুন নতুন আইন তৈরি করে বিরোধীদলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আবারো আহ্বান জানান বিএনপির মহাসচিব।
মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে জাতীয় নির্বাচনে আযোগ্য ঘোষণার ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার দলটির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে; চালাচ্ছে নির্যাতন।
গণতন্ত্র হরণের পর এখন একদলীয় শাসন চালু করতে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ সরকারের সব অন্যায়ের সমুচিত জবাব দেবে।
সরকার সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের উত্থানে মদদ দিচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল।