সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলার চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করার হবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
সরকার দেশে ইচ্ছে করে দেশে হানাহানির রাজনীতি ছড়িয়ে দিচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে— উল্লেখ করে রিজভী বলেন, জনগণ সরকারের এমন অপকর্মের সমুচিত জবাব দেবে।
এ সময় দলটির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি হতে পারে। তাই কমিশনকে এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়।
এদিকে, আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার গণতন্ত্রহরণ করে আবারো বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা করছে।
প্রতিহিংসার রাজনীতি না করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।