আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি তুলেছে বিএনপি।
শুক্রবার রাজধানীতে আলাদা আয়োজনে দলটির নেতারা বলেছেন, নিরপেক্ষ কমিশন গঠন করলেও প্রকৃতপক্ষে তাদের হাতে ক্ষমতা না দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না।
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপরামর্শ দেবেন বলেও আশা প্রকাশ করেছেন বিএনপি নেতারা।
বিজয় দিবসের পর নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন, এমন খবরের পর বিএনপি নেতারা বিভিন্ন সভা সেমিনারে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরছেন।
জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদও কথা বলেন এ প্রসঙ্গে। শুধু নিরপেক্ষ কমিশন গঠন করেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের সময় কোন সরকারের হাতে ক্ষমতা থাকবে সেটাই বড় বিষয়।
সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলে সরকার ভুল করবে বলেও মন্তব্য করেন মওদুদ। সরকার পাকিস্তানের পতাকার নকশাকে প্রতিষ্ঠা করতে চাইছে কি-না? এমন প্রশ্নও তোলেন তিনি।
এছাড়াও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সহায়তা করবেন।
ভারতকে মুক্ত আকাশ সীমা ব্যবহার করতে দিলে তা জাতীয় স্বার্থের পরিপন্থী হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করে দেবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।