নারায়ণগঞ্জের সিটি নির্বাচন আর আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানকে সাজানো নাটক বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতারা।
রোববার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ২০ দলীয় জোটের শরীক দল খেলাফত মজলিশের কাউন্সিল অধিবেশনে যোগ দেন জোটের সমন্বয়ক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ওই নির্বাচনে প্রশাসনের সহায়তায় কারচুপির আশ্রয় নিয়ে ফল পাল্টে দেয়া হয়েছে। বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ।
এসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতা দির্ঘস্থায়ী করতে সরকার সারাদেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছে; দেশ এখন বসবাসের অযোগ্য।
রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান এবং আহত শিশুর বিষয়েও কথা বলেন বিএনপির মহাসচিব।
রাষ্ট্রপতির আলোচনার মাধ্যমে গঠিত নিরপেক্ষ কমিশন নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতারা আশকোনায় পুলিশের অভিযান পাতানো নাটক কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়া, বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই শেরে বাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলার পাঁয়তারা চলছে।