আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেছে বিএনপি।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, আলাদা একটি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বাহ্যিকভাবে সুষ্ঠু মনে হলেও কিছু বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে নির্বাচন কমিশনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
পহেলা জানুয়ারি থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার—এ বিষয়ে দলের অবস্থান জানাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি করলে জনজীবনে অসহনীয় দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
লুটপাট ও ক্ষমতাসীনদের স্বার্থ হাসিল করতেই বছরের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, সকালে রাজধানীর তোপখানা রোডে গুমখুনের রাজনীতি- বাংলাদেশের ভবিষ্যত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে লেবার পার্টি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারি দল ও তাদের প্রশাসন পরিকল্পিতভাবে বিভিন্ন গুম খুন করে বিরোধী দলের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করছে।