জেলা পরিষদ নির্বাচন সাংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপি অংশগ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে জোটের নেতা জাগপা'র সভাপতি সফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
জেলা পরিষদ নির্বাচনে পরোক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করায় তা অগণতান্ত্রিক বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
জেলা পরিষদ নির্বাচন অসাংবিধানিক ও অগণতান্ত্রিক তাই এ নির্বাচন বর্জন করেছে বিএনপি –এ কথা উল্লেখ করে তিনি বলেন, এছাড়া আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।
তিনি আরো বলেন, ভোটের আগেই ২২টি জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।
এছাড়া এ নির্বাচনে টাকার খেলা ও নিজেদের মধ্যে দ্বন্দ্ব- সংঘাত হয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রশাসনের অনুমতি পেলে পাঁচ জানুয়ারি গণতন্ত্রের হত্যা দিবস পালন করবে বিএনপি।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ও ২০ দলীয় জোটের নেতা শফিউল আলম প্রধান অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান সেখানে।