নতুন কোনো ইস্যু না পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অন্ধকারে ঢিল ছুড়ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে জন্ম বলেই এ নির্বাচনেও ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে বিএনপি।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আগামীতে দেশে যেন আত্মঘাতীসহ কোনো ধরনের জঙ্গি হামলা ঘটতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বড়দিন উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি নেত্রীর এ অভিযোগের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় বলেন, শুধু দেশে নয় বিদেশিদের কাছেও নারায়ণঞ্জ সিটি নির্বাচন প্রশংসিত হয়েছে।
বিএনপিসহ, পরাজিত শক্তি জঙ্গি উত্থানসহ দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে দাবি করে এদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
বিএনপি যতই ষড়যন্ত্র করুক দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।