পাঁচ জানুয়ারি উপলক্ষে বিএনপির কর্মসূচি বানচালের ষড়যন্ত্র চলছে এবং হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে দলটি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার বাইরে সারাদেশে কালো পতাকা মিছিল এবং ৭ জানুয়ারি ঢাকার সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছতে না পারলে উগ্রবাদ মাথাচাড়া দেবে বলেও মন্তব্য করেছেন দলের নেতারা।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ কমিশন গঠন করতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করা হয় দলটির পক্ষ থেকে।
পাঁচ জানুয়ারি ঢাকার বাইরে কালো পতাকা মিছিল এবং ঢাকায় ৭ তারিখের সমাবেশের প্রস্তুতির বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে, এখনো সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে, রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীও ৫ জানুয়ারি প্রসঙ্গে তুলে কথা বলেন।
সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
সুস্থ ধারার রাজনীতির চর্চা এবং রাজনৈতিক দলগুলোর মতৈক্যের কথাও বলেন বিএনপির এ নেতা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেএ আসছে।