বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে রাজপথে তেমনভাবে দেখা যায়নি দলটির নেতা-কর্মীদের।
রোববার সারাদেশে হাতে গোণা মাত্র কয়েকটি জায়গায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করতে পেরেছে দলটি।
সরকার পুলিশ আর দলীয় নেতা-কর্মী দিয়ে তাদের কর্মসূচি বানচাল করছে-এমন অভিযোগ বিএনপির।
নেতারা বলেন, পুলিশের বাধার কারণে বারবারই পিছু হচ্ছে তাদের।
কর্মসূচি দেশব্যাপী হলেও কেবলমাত্র বরিশাল- গাজীপুরসহ কয়েকটি জেলা আর ঢাকায় হাতেগোনা কিছু জায়গায় পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল-সমাবেশ করতে পেরেছে বিএনপি। পাঁচ জানুয়ারি কালোপতাকা মিছিলে হামলা এবং ৭ তারিখ ঢাকায় সমাবেশ করার অনুমতি না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছিল দলটি।
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মোতায়েন ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। আর বরাবরের মতোই ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের কোনও নেতাকে মাঠে নামতে দেখা যায়নি: নয়াপল্টন কার্যালয়ও ছিল প্রায় নেতা-কর্মী শূন্য।
রাজপথের মিছিলে যোগ না দিলেও কর্মসূচিকে কেন্দ্র করে ডাকা সংবাদ সম্মেলনে যোগ দেন বেশ কয়েকজন নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীরা।
ঢাকায় কেন নেতা-কর্মীদের মাঠে নামতে দেখা যায়নি তারও জবাব দেন তিনি।