সরকার দুর্বল বলেই মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করছে এবং মিছিল-সমাবেশের মতো কর্মসূচিতেও বাধা দিচ্ছে— এমন অভিযোগ বিএনপির।
সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয়ে দলের পর্যালোচনা তুলে ধরতে সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
সরকারের ব্যর্থতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসবই সরকারের অগণতান্ত্রিক আচরণের ফল। তাই রাজনৈতিক সংলাপ এবং সুষ্ঠু নির্বাচন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয়।
বিএনপিকে দমনে সরকার মিথ্যা মামলার পথ বেছে আর শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনেও বাধা দেয়া হচ্ছে বলেও জানান দলটির এ মহাসচিব। এ সময় প্রতিহিংসার পথ ছেড়ে নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রাথমিক স্তরের বইয়ে বিভিন্ন ভুলের তথ্য তুলে ধরে দলের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুর রহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধংসের মুখে ঠেলে দিয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে দলের আরেক জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান বলেন, স্বৈরতান্ত্রিক আচরণের মূল্য দিতে হবে সরকারকে।