শক্তিশালী ইসি গঠনের পাশাপাশি নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য রাষ্ট্রপতির উদ্যোগ আশা করছে বিএনপি। শুক্রবার রাজধানীতে ভিন্ন ভিন্ন আয়োজনে নেতারা অভিযোগ করেন, সরকারই বিভাজনের রাজনীতি করছে।
একতরফা নির্বাচন কমিশন গঠন করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচনে স্বার্থ আছে এমন সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় দলটির জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে একটি নিরপেক্ষ ইসি গঠন করা সম্ভব হবে।
শক্তিশালী ইসি ছাড়াও নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানিয়ে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়-এমন যুক্তিও তুলে ধরেন ব্যারিস্টার মওদুদ।
সরকার বিভেদের পথে হাঁটলে এবং একরোখা নীতি থেকে সরে না আসলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে, ইসি গঠন নিয়ে সরকারী দলের নেতারা যে বক্তব্য রাখছেন তাতে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কি-না?— নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সে বিষয়ে সংশয় প্রকাশ করা হয় দলের পক্ষ থেকে।
নারায়ণগঞ্জের ৭ খুনের মতো অন্যান্য গুম-খুনের ঘটনার তদন্ত করে বিচারের ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।