স্বচ্ছ ও নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন— এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির নেতারা।
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের ২৭তম প্রতিনিধি সমাবেশের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমান নির্বাচন কমিশনের সিইসি সফল হয়েছেন—এমন মন্তব্যেরও তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে আর সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে যা যা করা দরকার তা করছে।
সরকার প্রশাসনকে দলীয়করণ করাসহ রাজনীতির অবকাঠামোকে ধ্বংস করেছে বলে সমালোচনা করে তিনি বলেন, চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার এসব করছে।
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির ব্যাপারে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান দলটির নেতারা।