নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যই সঠিক— এ মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ওবায়দুল কাদের যথেষ্ট বিচক্ষণ ও দক্ষ রাজনীতিবিদ— অসত্য তথ্য দিতে পারেন না এবং না জেনে কোনো মন্তব্য করতে পারেন না।
তবে কেএম হাসানের নাম বিএনপি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে কি-না? সে বিষয়ে কিছু জানেন না বলেও জানান আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা ও বাণিজ্যমন্ত্রী।
তবে রাষ্ট্রপতির কাছে বিএনপি কার নাম দিয়েছে— সে বিষয়ে কাছে কোনও তথ্য নেই উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।
এর আগে বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেটের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। বৈঠকে দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, রোববার রাজধানী অনুষ্ঠিত যুবলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সার্চ কমিটি গঠনে সাবেক বিচারপতি কেএম হাসানের নাম দিয়েছে বিএনপি।
আর এ বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ওবায়দুল কাদের যা বলেছেন, তা সত্য নয়।