সার্চ কমিটি আওয়ামী লীগের পছন্দের কমিটি— এ নিয়ে বিএনপি শুধু হতাশই নয় ক্ষুব্ধও। সার্চ কমিটি নিয়ে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য এসেছে দলটির পক্ষ থেকে।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক আলোচনা অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কমিটিতে সরকার মনোনীতরা স্থান পেয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছেন, এ কমিটির মাধ্যমে আওয়ামী লীগ আবারো ৫ জানুয়ারির মতো পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। রাষ্ট্রপতি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন বলেও মন্তব্য তার।
নতুন নির্বাচন কমিশন গঠনের প্রশ্নে, সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা শেষে বাকী ছিল সার্চ কমিটি গঠনের বিষয়টি। সার্চ কমিটি গঠনের জন্য বঙ্গভবন থেকে ৬ জনের নাম মন্ত্রীপরিষদে পাঠানো হয়েছে এমন খবরের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি নেতারা।
সার্চ কমিটি এবং নিরপেক্ষ ইসি গঠনে রাষ্ট্রপতির ভুমিকা নিয়েও কথা বলেন তিনি।
আর আগে দুপুরে এক আলোচনায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দলীয় ব্যক্তিদের সার্চ কমিটিতে রাখা হলে তা মানবে না বিএনপি।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাষ্ট্রপতিকে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
আরেক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতা মাহবুবুর রহমান আশা প্রকাশ করেন, নিজ দায়বদ্ধতা থেকেই রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন।
রাজনৈতিক সংঘাত এড়াতে সংলাপের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।