সার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে বিতর্কিত কথা বললে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ নেতারা। বৃহস্পিতবার রাজধানী ও যশোরে আলাদাভাবে নেতারা এ কথা বলেন।
রাজনৈতিক পরিচয়ে কেউ সার্চ কমিটিতে স্থান পায়নি উল্লেখ করে নেতারা বলেন, বির্তকিত কথা বললেও এ কমিটির নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির প্রতিক্রিয়ার সমালোচনা করে— এ বিষয়ে বিএনপিকে সতর্কতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এদিকে, যশোরের সাগরদাড়িতে এক অনুষ্ঠানে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যোগ্যদেরই সার্চ কমিটিতে স্থান দিয়েছেন রাষ্ট্রপতি। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে কাউকে রাখা হয়নি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কমিটির সদস্যরা যেসব নাম প্রস্তাব করবেন তা থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।
রাষ্ট্রপতির এই সার্চ কমিটি গঠন নিয়ে এক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি।