দলীয় লোকজন দিয়ে ক্ষমতাসীনদের পছন্দের সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে আবারো অভিযোগ তুলেছে বিএনপি।
দলটির নেতারা বলেছে, এ সার্চ কমিটি দিয়ে কখনোই নিরপেক্ষ ইসি গঠন আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার বিএনপিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের ভাসানী ভবনে এক মিলাদ মাহফিলের আগে দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, দলীয় মনোভাবের নির্বাচন কমিশন এবং পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির হরতাল কর্মসূচিতে বাধা এবং সাংবাদিকদের ওপর পুলিশি হামলারও নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠনের জন্য বুধবার সার্চ কমিটি গঠনের ঘোষণার পরপরই এর সমালোচনা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।