রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচ জন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম চেয়েছে অনুসন্ধান কমিটি। এই নাম দেয়া না-দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির স্থায়ী কমিটির আজকের বৈঠক ডাকা হয়েছে।
গতকাল অনুসন্ধান কমিটি প্রথম বৈঠক করে। বৈঠকে তারা রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, তারা নাম দেবেন কি না, তা দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্র জানায়, নাম দেয়া না-দেয়ার বিষয়ে বিএনপিতে দুটি মত আছে। এক দল নাম দেয়ার পক্ষে—অন্য দল বিপক্ষে। এ নিয়ে দলটি কিছু দ্বিধাদ্বন্দ্বে আছে।