সার্চ কমিটির ওপর আস্থা না থাকলেও নিরপেক্ষ এবং শক্তিশালী ইসি গঠনে শেষ পর্যন্ত নিজেদের পছন্দের নাম প্রস্তাব করবে বিএনপি।
নেতারা জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে দল ও জোটের ফোরামে আলোচনার পর। আর নির্বাচন কমিশন গঠনে এবারো প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটিকে বিএনপি শুরু থেকেই সরকারের পছন্দের কমিটি বলে আখ্যায়িত করে আসছে।
এ কমিটি ক্ষমতাসীন দলের ইচ্ছাপূরণ করবে—এমন মন্তব্যও এসেছে দলের তরফ থেকে।
কমিটির প্রথম বৈঠকের পর সব রাজনৈতিক দলের কাছ থেকে নাম চাওয়ার পর এ সিদ্ধান্তকে লোকদেখানো বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এ সময় তিনি নিজেদের অনাস্থার কথা তুলে ধরেন।
অনাস্থা থাকলেও শেষ পর্যন্ত ইসি গঠনে নিজেদের পছন্দের নাম দেবে বিএনপি। যদিও, কার কার নাম প্রস্তাব করা হবে সে বিষয়ে সরাসরি কথা বলতে নারাজ নেতারা।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আহমেদ আজম বলেন, দল ও জোটের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
শক্তিশালী ইসি গঠনে এই সার্চ কমিটি সক্ষম হবে কিনা এ প্রশ্নে নেতাদের কেউ কেউ সংশয় প্রকাশ করলেও, কেউবা আবার আশাবাদী।
গণতন্ত্র রক্ষা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে বলে নিজেদের মত দেন বিএনপি নেতারা।