নতুন নির্বাচন কমিশন- ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার ফলে সার্চ কমিটির কাজ সহজ হবে বলে মনে করছেন ১৪ দলের নেতারা।
তারা বলেন, এক্ষেত্রে সবার মতামত প্রতিফলিত হবে। তবে খুব অল্প সময়ের মধ্যে এ নাম দিতে হচ্ছে সেক্ষেত্রে জোটের শরীকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়াটা কঠিন হবে বলে তারা মনে করছেন।
নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছে সার্চ কমিটি। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে এ নাম দিতে হবে।
এরইমধ্যে দলগুলো তা নিয়ে ভাবতে শুরু করেছে। ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের প্রধান আওয়ামী লীগ বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করবে।
নেতারা বলেন, এক্ষেত্রে সকলের কাছে গ্রহণযোগ্যদের নামই তারা প্রস্তাব করবেন।
জোট শরীক ওয়ার্কার্স পার্টির মতে, সার্চ কমিটির এ উদ্যোগটি ভাল—যদিও খুব অল্প সময়ের মধ্যে নাম দিতে হবে তবুও শরীক দলগুলোর মতামত নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
আর সার্চ কমিটির উপর পূর্ণ আস্থার কথা জানিয়ে ১৪ দল নেতারা বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে এ কমিটিকে সবধরনের সহায়তা করবে ক্ষমতাসীন জোট।