আবারো রকিবউদ্দিন কমিশনের মতো নির্বাচন কমিশন-ইসি গঠিত হতে পারে বলে আশঙ্কা বিএনপি নেতারা।
তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে তা রাজনীতিকে অস্থিতিশীল করে তুলবে।
রাজনৈতিক দলগুলোর সুপারিশের বাইরে নতুন করে কারো নাম ইসিতে অন্তর্ভুক্ত করা কতোটা যুক্তিসংগত হবে- বিএনপি নেতারা এমন প্রশ্নও তুলেছেন।
এদিকে, রাজধানীতে এক সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক অধিকার সুরক্ষায় নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মিথ্যা মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
শুক্রবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন।
তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন সার্চ কমিটি আর ইসি গঠন প্রসঙ্গে।
রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের বাইরে নতুন করে কারো নাম ইসিতে অন্তর্ভুক্ত হতে পারে এমন খবরের বিষয়েও কথা বলেন তিনি।
আবারো দলীয় মনোভাবের কমিশন করা হলে জনগণ তা ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী অভিযোগ করেন, বানোয়াট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে।
সরকার প্রতিবেশি দেশ ভারতের কাছে দেশকে বিকিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন দলের নেতারা।
এছাড়া অনুসন্ধান কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে হেয় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান।
সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শামসুজ্জামান এই মন্তব্য করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির উদ্যোগের প্রতি তারা সমর্থন জানিয়েছেন, তাদের প্রত্যাশা, আগামী নির্বাচন নিরপেক্ষ করতে সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়ে ইসি গঠনে অনুসন্ধান কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শামসুজ্জামান বলেন, অনুসন্ধান কমিটি ব্যর্থ হলে পরোক্ষভাবে রাষ্ট্রপতিকেই হেয় করা হবে।
চলমান সংকটের সমাধান বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় এ কথা উল্লেখ করে তিনি বলেন, আর তা না হলে রাজপথে আন্দোলনের জন্য বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন।