সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক শিমুল হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, জড়িতদের পার পাওয়ার কোনো সুয়োগ নেই।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সংঘর্ষ বহিরাগত কোনো দুষ্কৃতিকারীর অনুপ্রবেশ ঘটেছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময়, দেশকে অস্থিতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতা-কর্মীদের সচেতন থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
এদিকে, সিরাজগঞ্জে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যায় যারাই জড়িত থাকুক না কেন তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
প্রসঙ্গত: বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পৌর শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক, কলেজছাত্ররা ও মহল্লার লোকজন একযোগে বেলা ৩টার দিকে মেয়রের বাসায় হামলা চালান। হামলাকারীদের লক্ষ্য করে হালিমুল হক মিরু তার শর্টগান থেকে গুলি ছোড়েন।
এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন হাকিম। সংঘর্ষের সময় তার মাথা ও মুখে গুলি লাগে। তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে তিনি মারা যান।