বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলটির নেতারা বলেছেন, ক্ষমতাসীনদের নয়; নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে জাতীয় নির্বাচন।
বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় যেতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন নেতারা।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের মতামত তুলে ধরতে শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দলের শীর্ষ নেতৃত্বকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে।
দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও গণতন্ত্রের সুরক্ষার স্বার্থেই সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।
পদ্মাসেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংককে জড়িয়ে ক্ষমতাসীন দলের আক্রমনাত্মক বক্তব্যে সংস্থাটির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিজভী।
এদিকে, জাতীয় পেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারচুপির মাধ্যমে নির্বাচনে জেতার নীল নকশা বাস্তবায়ন হবে না।
নবগঠিত কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।