আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না বলে আবারো দৃঢ় প্রত্যয় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাতীয়তাবাদী তাঁতীদলের ৩৭-তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বিভিন্ন মামলার রায়ের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় গয়েশ্বর অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সরকারই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা দিয়েছে।
রাজনৈতিকভাবেই এসব মামলা মোকাবেলা করা হবে বলেও জানান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।
এদিকে, দুপুরে ভোলায় ইসলামী কমপ্লেক্স চত্বরে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল দলের অংশগ্রহনের সুষ্ঠু নির্বাচনে বিএনপি অংশ নেবে।
নির্বাচন কমিশন কে সঠিক ভাবে পরিচালনা করার জন্য নির্বাচনকালীন সময় একটি সহায়ক সরকার প্রয়োজন— উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে, তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।