বেশ জোরেসোরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপ্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ-চলছে জেলায় জেলায় কর্মী সমাবেশ।
সাংগঠনিক সফরে রয়েছেন কেন্দ্রীয় নেতারা এগিয়ে চলছে নির্বাচনী ইশতেহারের খসড়া তৈরির কাজ।
প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের বিষয়টি খতিয়ে দেখছেন খোদ দলের সভানেত্রী শেখ হাসিনা— চালাচ্ছেন নানামুখী জরিপ।
নেতারা বলেন, সকল পর্যায়ের কোন্দল মিটে যাবে— নির্বাচনের মাঠে একাট্টা হয়ে নামবে আওয়ামী লীগ।
গত মাসে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু করতে বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দলীয় প্রধানের এ ঘোষণার পরপরই শুরু হয়ে যায় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি। নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সফর করছেন কেন্দ্রীয় নেতারা।
কর্মীসভা, বর্ধিত সভা আর যৌথসভার মধ্যদিয়ে তৃণমূলে কোন্দল মেটাতে কাজ করছেন তারা— একইসঙ্গে তুলে ধরছেন সরকারের উন্নয়নের নানা চিত্র।
আগামী বছরের শেষে নির্বাচন—এ সময়কে টার্গেট করেই এগুচ্ছে দলের প্রস্তুতি। নির্বাচনী এলাকাভিত্তিক প্রার্থীদের কর্মকাণ্ডের ওপর জরিপ চলছে। জনপ্রিয়তা যাচাই করে সংগ্রহ করা হচ্ছে একাধিক প্রার্থীর নাম। পুরোদমে এগিয়ে চলছে ইশতেহারের খসড়া তৈরির কাজ।
আওয়ামী লীগ নেতারা জানান, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকেই প্রাধান্য দেয়া হবে। আর এতে করে স্বচ্ছ-পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী যেমন বেড়িয়ে আসবে তেমনি কঠিন হবে বির্তকিত জনবিচ্ছিন্ন প্রার্থীদের মনোনয়ন পাওয়া।