নিজেদের দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপাতেই সরকার বারবার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির নেতাদের দাবি এতে দুর্বল হবে অর্থনীতি; ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।
গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।
রাজধানীতে আলাদা আয়োজেন নেতারা আরো অভিযোগ করেন, বিএনপিকে বেকায়দায় ফেলতেই সরকার ও সরকারি সংস্থা বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানানো হয়।
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কানাডার ফেডারেল আদালত বিএনপি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছে- এমন খবরকে ঘিরে সরকার বিএনপির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত আরেক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারো সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় প্রকৃত দোষিদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
সরকার সারাদেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।